ভারতের সাধারণ নির্বাচনে (লোকসভা) একজন সংসদ সদস্য পদপ্রার্থীর স্ত্রী সবজি বিক্রেতা। শুনতে একটু বেমানান লাগলেও এটিই সত্যি।
ভারতের ঝাড়খন্ড রাজ্যের হাজারিবাগ সংসদীয় আসন থেকে প্রার্থী হয়েছেন লোকনাথ মাহাতো। এ আসনে কংগ্রেস প্রার্থী সৌরভ নারায়ণের সম্পদের পরিমাণ ৪০ কোটি রুপি আর বিজেপির প্রার্থী জয়ন্ত সিনহার সম্পদের পরিমাণ ৫৫ কোটি রুপি। কিন্তু অল ঝাড়খন্ড স্টুডেন্টস পার্টির প্রার্থী লোকনাথ মাহাতোর ঘোষিত সম্পদ মাত্র দুই কোটি রুপি।
সম্পদ নির্বাচনে জয়ের জন্য বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নয় বলে মনে করেন মাহাতো। তার স্ত্রী মুলানি দেবীরও একই মত। স্বামীর জয়ের জন্য দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন মুলানি।
লোকনাথ মাহাতোর স্ত্রী মুলানি দেবী আগে থেকেই স্থানীয়দের মধ্যে দারুণ জনপ্রিয়। স্বামী ঝাড়খন্ড রাজ্যসভার তিনবারের নির্বাচিত সদস্য (এমএলএ) হলেও স্ত্রী হিসেবে ভোগ-বিলাস পরিহার করে এসেছেন মুলানি। নিজের কাজ নিজে করেন। কাজের প্রতি তার অঘাত সম্মান। সংসারে দুপয়সা বাড়তি রোজগার যোগ করতে তিনি রীতিমতো সবজি বিক্রি করেন।
স্থানীয় হাট-বাজারে সবজি বিক্রি করেন মুলানি। নিজে মাথায় ঝুড়ি নিয়ে হাটে যান এবং সবজি বিক্রি করে বাড়ি ফেরেন। এতে তার কোনো কষ্ট বা অসম্মান বোধ হয় না।
এমএলএর স্ত্রী থাকবেন রাজবধূর মতো। দাস-দাসী ঘুরঘুর করবে তার চারপাশে। হুকুম দেওয়া মাত্রই সব কিছু হাজির হয়ে যাবে মুহূর্তে। কিন্তু মুলানি এসবের তোয়াক্কা করেন না। সাধারণ মানুষের মতোই তার জীবনাচরণ, খাদ্যাভ্যাস।
সত্যিই কিছু ঘটনা মানুষকে আলোড়িত করে। মুলানির জীবনটি যেমন তেমন একটি জীবন্ত ঘটনা, যা থেকে শেখার আছে, নতুন করে বাঁচার স্বপ্ন আছে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]