পাকিস্তান ও চীনের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর প্রকল্পের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সম্ভাব্য হামলার বিষয়ে ইসলামাবাদকে সতর্ক করে দিয়েছে বেইজিং। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ পাক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির একটি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরের সন্দেহজনক রুট পরিবর্তন নিয়ে দেশটিতে যখন অসন্তোষ ধূমায়িত হচ্ছে তখন এ হুঁশিয়ারি দিল চীন।

এ হুঁশিয়ারি বার্তায় বলা হয়েছে, বেলুচিস্তান প্রদেশের ভেতর দিয়ে পাক-চীন অর্থনৈতিক করিডোরের ৩,০০০ কিলোমিটার রুট চলে গেছে। ফলে প্রদেশটিতে তৎপর সন্ত্রাসীরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

এ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের শত্রুভাবাপন্ন অনেক গোয়েন্দা সংস্থা নাশকতামূলক তৎপরতা চালানোর জন্য বেলুচিস্তানে তৎপর সন্ত্রাসীদের কাজে লাগাতে পারে। এ প্রকল্পে ‘র’ নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান বৈরী গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ‘র’ একযোগে কাজ করছে বলে ইসলামাবাদকে হুঁশিয়ার করে দিয়েছে বেইজিং।

পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর প্রকল্পে ১৫ হাজারের বেশি চীনা কর্মী কাজ করছেন। এ ছাড়া, পাকিস্তানে ২১০টি চীনা প্রকল্পে কর্মরত রয়েছেন আট হাজারের বেশি চীনা কর্মী।

গোয়াদর প্রকল্পের নিরাপত্তার জন্য নয় ব্যাটেলিয়ন অর্থাৎ আট হাজারের বেশি সেনা সদস্য নিয়ে বিশেষ নিরাপত্তা বিভাগ গঠন করা হয়েছে। এ ছাড়া, আধা সামরিক বাহিনীগুলোর প্রায় নয় হাজার সদস্য নিয়ে গঠিত আরো একটি বাহিনী সেনাদের এ কাজে সহায়তা করবে।

এপ্রিল মাসে প্রেসিডেন্ট শি জিনপিং’এর ইসলামাবাদ সফরকালে ২,৮০০ কোটি ডলারের ৫০টির বেশি চুক্তি সই করেছে পাকিস্তান ও চীন। এ সব চুক্তির বেশিরভাগই পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোকে ঋণ দেয়া সংক্রান্ত হলেও এর মধ্যে ছয়টি রয়েছে অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এ সব প্রকল্প চীনের পশ্চিমাঞ্চলকে পাকিস্তানের গোয়াদর বন্দরের সঙ্গে সংযোগ স্থাপনকারী পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক করিডোরের কাজকে ত্বরান্বিত করবে। আগামী বছরের শেষ নাগাদ এ করিডোরকে ব্যবহার উপযোগী করে তুলতে চায় চীন। রেডিও তেহরান

ইআর