ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুৎফর রহমানের (৪৮) বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা গ্রহণ করেছে দেশটির একটি আদালত।
২০১০ সালের নির্বাচনে ব্রিটেনের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর চলতি বছরের মে’তে অনুষ্ঠিত নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।
টাওয়ার হ্যামলেটের এক আদালতে বিচারক সুপারস্টোন ও স্পেন্সের সমন্বিত একটি বেঞ্চ গত মঙ্গলবার মামলাটি গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে মেয়র লুৎফরকে বিচারের সম্মুখীন করা হতে পারে।
পূর্ব লন্ডনের ওই আদালতে স্থানীয় বাসিন্দা অ্যান্ড্রু এরলাম, দেব্বি সিমন, আজমল হোসাইন ও অ্যাঞ্জেলা মোফাট পিটিশনটি দায়ের করেন।
লুৎফরের বিরুদ্ধে অভিযোগ, তাকে সমর্থন দেওয়ার জন্য জনগণকে কাউন্সিল হাউজে প্রতিজ্ঞা করানো হয়। এ ছাড়া মুসলিম ভোটারদের ‘ভালো মুসলিম’ হিসেবে পরিচিতির কথা বলে তাকে সমর্থন করতে বলা হয়।
ভোটের সময় তার সমর্থকদের বিরুদ্ধে ব্যালট পেপার জালিয়াতি, পোস্টাল ভোটকে নিজেদের পক্ষে কাজে লাগানো ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট সরঞ্জামের ক্ষতি সাধনের অভিযোগ তোলা হয়েছে। সূত্র: ডেইলি মেইল।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





