ইহুদিবাদী ইসরাইলের একটি পাইলটবিহীন গোয়েন্দা বিমান বা ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এ বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ ড্রোনটি ভূপাতিত করেছে।

আইআরজিসি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা বিভাগ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিতে বিধ্বস্ত করেছে। রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনটিকে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনার আকাশে পাঠিয়েছিল তেল আবিব। কিন্তু পরমাণু স্থাপনার আকাশে ঢোকার আগেই আইআরজিসি এটিকে শনাক্ত করে ভূপাতিত করে।

ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই কুচক্রি পদক্ষেপে আবারো ইহুদিবাদী ইসরাইলের হঠকারি মানসিকতার প্রমাণ পাওয়া গেছে। এর মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরাইল নিজের কলঙ্কজনক অতীতকে আরো বেশি কালিমালিপ্ত করল। আইআরজিসি আরো বলেছে, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করবে রেভ্যুলুশনারি গার্ড বাহিনী।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই