কেন্দ্রীয় সরকারের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তির সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে। বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৬ মার্চ।
এর আগে বুধবার তামিলনাড়ু সরকার রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত সাত জনকেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভারতের কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ এক বিবৃতিতে জানান, “রাজীব হত্যা ছিল দেশের আত্মার উপর আক্রমণ। তামিলনাড়ু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আইনত সঠিক নয়।”
দলের আর এক শীর্ষ নেতা মনীশ তিওয়ারি সাংবাদিকদের বলেন, “রাজীব গান্ধীকে হত্যা করে সন্ত্রাসবাদীরা দেশের ঐক্য ও অখণ্ডতার উপর প্রশ্ন তুলেছিল। কোনও ভাবেই এই সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। এতে ন্যায্য ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাবে।”
এ ব্যাপারে বুধবারই দলের সাধারণ সম্পাদক অজয় মাকেন জানান যে, ‘এটা উদ্দেশ্যপ্রণোদিত ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।’ ফলে প্রত্যাশামতো এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]