গাজায় ইসরাইলি বর্বরতা চলছেই। এমনকি সোমবার সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে, গাজায় এক নতুন সংকট দেখা দিয়েছে। গাজায় মৃতের সংখ্যা এত বেশি হয়েছে যে, অনেক নিহতকে দাফন করার মতো জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট্ট উপত্যকা গাজায়। খবর আল জাজিরার।

গাজায় ইসরাইলের নির্বিচার বিমান হামলা, ট্যাংক হামলায় অনেক লাশ রাস্তাতেই পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। রক্তাক্ত এসব লাশ নিয়ে এখন দিশেহারা গাজাবাসী।

হাসপাতালের মর্গগুলো ইতিমধ্যে ভরপুর হয়ে গেছে। হাসপাতালের হিমায়িত লাশঘরগুলোতে লাশ আর রাখা যাচ্ছে না। অনেক লাশ নিয়ে যাওয়ার মতো কোন আত্মীয়-স্বজনও খুঁজে পাওয়া যায় না। এর কারণ, ইসরাইলি হামলায় একই সাথে কোন কোন পরিবারের সবাই নিহত হচ্ছেন।

হাসপাতালের হিমাগার পূর্ণ হওয়ার পর এখন অনেক লাশ রাখা হচ্ছে আইসক্রিম তৈরির ফ্রিজে বা শাক-সবজি রাখার ফ্রিজে।

সোমবার পর্যন্ত টানা ২৮ দিনের হামলায় ১,৮২৩ জন ফিলিস্তিনি নিহত ও ৯,৪৫০ জনেরও বেশি আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা ও ওয়ার্ল্ডবুলেটিন

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ