যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকের অগ্রসরমান সুন্নি চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব লেভান্টকে (আইএসআইএস) ঠেকাতে সম্ভাব্য সব পথ খোলা রাখা রয়েছে।

বৃহস্পতিবার হোয়াইটহাউসে ওবামা সাংবাদিকদের এবিষয়ে বলেন।

ইরাকের অগ্রসরমান জঙ্গিদের প্রতিহত করতে ইরাক সরকারকে সহায়তা করার সম্ভাব্য সব পথ খোলা রেখেছে যুক্তরাষ্ট্র।এর অংশ হিসেবে ইরাকে জঙ্গি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানা গেছে।

তবে স্থলসেনা পাঠানোর আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি জঙ্গি ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছিলেন।

হোয়াইট হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ওবামা বলেন, ইরাকে এখনই স্বল্পমেয়াদী সামরিক পদক্ষেপ নিতে হবে। আমি কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছি না। আমাদের এটা নিশ্চিত করতে হবে, জঙ্গিরা যেন ইরাক বা সিরিয়ায় কখনই তাদের স্থায়ী পদচিহ্ন না রাখতে পারে।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর