ভারতের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭২ জন জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সচিবদের কাছে গিয়ে হাত মিলিয়েছেন তিনি।ভারতের সচিবদের নির্ভয়ে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে সৎ-সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্বেষপূর্ণ মামলা থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন তিনি। আলোচনার একপর্যায়ে সচিবদের উদ্দেশে মোদি বলেছেন, ‘আপনাদের কোনো ভয় নেই (কাজ করার ক্ষেত্রে)। আমি আছি (আপনাদের সুরক্ষায়)।’ টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ক্ষমতা গ্রহণের পর গতকাল বুধবার প্রথমবারের মতো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭২ জন জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করেন মোদি। ওই বৈঠকে এসব কথা বলেন তিনি। যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সচিবেরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে বা মেইল করতে পারবেন বলে উল্লেখ করেছেন মোদি। প্রধানমন্ত্রী সবার কাছে গিয়ে হাত মিলিয়েছেন। বন্ধুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। খোলামেলাভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বৈঠকে প্রায় ২৫ জন সচিব বক্তব্য দেন। বেশ কয়েকজন সচিবের নাম মনে রাখতে সক্ষম হয়েছেন মোদি। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নেতৃত্ব গ্রহণ, আন্তরিকতার সঙ্গে কাজ করা, সুশাসনের উন্নয়ন ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বার্তা দিয়েছেন মোদি। [b]ঢাকা, ০৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]