আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। বাগরাম হচ্ছে সেদেশে সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি।

তালেবান গেরিলারা দাবি করেছে, পারওয়ান প্রদেশে বাগরাম ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট হামলা হয়েছে। আফগান পুলিশও এ হামলার কথা নিশ্চিত করেছে।

রকেট হামলার ফলে বাগরাম ঘাঁটিতে আটক কয়েক জন তালেবান বন্দি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে মার্কিন বাহিনীর কী ধরনের ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করে বলেছে, “ আমরা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। কারাগারকে টার্গেট করা হয়নি।”

তিনি বলেন, দুঃখজনকভাবে রকেট কারাগারে গিয়ে আঘাত হেনেছে এবং এতে বেশ কিছু বন্দি আহত হয়েছে।বন্দিদের এ দুরবস্থার জন্য আমেরিকাকে দায়ী করেন তিনি। তার মতে- বিমান ঘাঁটির পাশেই কারাগার স্থাপন করার কারণে এমনটি হয়েছে।

বাগরাম ঘাঁটিতে বর্তমানে হাজার হাজার মার্কিন সেনা ও ঠিকাদার রয়েছে। আফগানিস্তানে মার্কিন আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত এ ঘাঁটিতে বহুবার হামলা হয়েছে।

ইআর