ফিলিস্তিনের গাজায় আরও ৫ ইহুদিবাদী ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। আর হামাসের রণকৌশলে হতচকিত ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিনটিকে বেদনাদায়ক বলতে বাধ্য হয়েছেন।  

ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, সোমবার এশকোল শহরে মর্টারের গোলা বর্ষণে চার ইহুদিবাদী ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে।  এদিকে গাজায় আরো এক সেনা নিহত হওয়ার কথা ইহুদিবাদী ইসরাইল নিশ্চিত করেছে।

এ ছাড়া, চলতি মাসের ১৭ তারিখ থেকে এ পর্যন্ত মোট ৪৮ জন ইহুদিবাদী সেনা নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে ইসরাইল।  

চলতি মাসের ২৭ তারিখে দেয়া বিবৃতিতে ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ৯০ জনের বেশি ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর দিয়েছে। সবশেষ এই হতাহতে গাজায় এ পর্যন্ত ইহুদী সেনা নিহতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৯৫ তে।

এ হিসাব মোতাবেক গাজায় অভিযান শুরুর পর থেকে দৈনিক গড়ে ৪.৫ ইহুদিবাদী সেনা নিহত হয়েছে। এ ছাড়া, একই বিবৃতিতে ১৪২ জন ইসরাইলি সেনা আহত হয়েছে বলে জানান হয়েছিল।

এদিকে সোমবারকে বেদনাদায়ক দিন হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু আস্ফালন করেছেন, গাজায় দীর্ঘ মেয়াদি যুদ্ধ চালাবে ইসরাইল।

অবরুদ্ধ গাজার বিরুদ্ধে আগ্রাসনে অত্যাধুনিক সমর শক্তির অধিকারী হয়েও ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনী কোনো ভাবেই সুবিধা করতে পারছে না। ইহুদিবাদী সেনাদের লাশের মিছিল কেবল দীর্ঘই হচ্ছে। এ বিবৃতির মধ্য দিয়ে  নেতানিয়াহুর হতচকিত মনো ভাবই কেবল ফুটে উঠেছে।

ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেডআই, কেবি