ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরান ও মস্কো পারস্পরিক সম্পর্ক আরো উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। ইরান এবং রাশিয়ার মধ্যে সহযোগিতাকে অভিন্ন স্বার্থ জোরদার করেছে বলে জানান তিনি।

আস্ত্রাখানে কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর চতুর্থ শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এ সব কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি।

তিনি আরো বলেন, ইরানের আঞ্চলিক এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার গুরুত্ব বেড়েছে। দেশ দুইটির কর্মকর্তাদের মধ্যে অসংখ্য বৈঠক এ সম্পর্ক জোরদার করার প্রমাণ বহন করছে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশই এ সম্পর্ক বাড়ানোর বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

প্রেসিডেন্ট রুহানি বলেন, গত এক বছরে চার দফা রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং এ সময়ে আঞ্চলিক, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়েছে।

পুতিন বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে মস্কো ও তেহরান। এই দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে বলে জানান তিনি। সূত্র: আইআরআইবি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ