গাজাকে ইসরায়েলের অবরোধ ও বন্দীদশা থেকে মুক্ত করার জন্যে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। এজন্য গাজায় সমুদ্র ও বিমানবন্দর নির্মাণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ইরান। প্রভাবশালী মুসলিম দেশগুলোকে এজন্য এগিয়ে আসার আহ্বান জানায় দেশটি। খবর প্রেসটিভির।
বুধবার ইরানের মানবাধিকার বিষয়ক হাই কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ জাভেদ লারিজানি এ আহ্বান জানান। এসব বন্দর নির্মাণে ইসরায়েল যদি বাধা দেয় তাহলে এর সমুচিত জবাব দেয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
'ইসলামিক হিউম্যান রাইটস এন্ড হিউম্যান ডিগনিটি ডে'-এর এক অনুষ্ঠানে লারিজানি এ আহ্বান জানান। তিনি বলেন, "গাজার নিরীহ মানুষজনকে আমাদের বাঁচাতে হবে। কেননা, গাজায় যা হচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।"
তিনি একইসাথে ইসরায়েলকে যুদ্ধপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করারও দাবি জানান। ইসরায়েলের যুদ্ধাপরাধের জন্যে প্রমাণের কোন ঘাটতি হবে না বলেও উল্লেখ করেন তিনি।
২৮ দিনের ইসরায়েলি আগ্রাসনে ১,৮৮০ জন ফিলিস্তিনি নিহত ও ৯,৬০০ জন আহত হন। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। হতাহতদের এক বিশাল অংশ নারী ও শিশু।
এদিকে, গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়টি নিরপেক্ষভাবে প্রমাণ করার কথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচআর। সূত্র: প্রেসটিভি
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





