ইরাকে নিহত দুই মার্কিন সাংবাদিককে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের কাছে বিক্রি করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে মার্কিন পরররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেছেন। উগ্র আইএসআইএল ওই দুই সাংবাদিককে সিরিয়ার কথিত 'উদার' জঙ্গিদের কাছ থেকে কিনে নিয়েছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর জন কেরির এ বক্তব্য প্রকাশিত হলো।
আইএসআইএল সন্ত্রাসীরা গতমাসে মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে এবং চলতি মাসের গোড়ার দিকে স্টিভেন সটলফকে গলা কেটে হত্যা করে সেই পাশবিক দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে কেরির কাছে প্রশ্ন করা হয়- ওয়াশিংটনের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা যাতে বলা হয়েছে, সিরিয়ায় লড়াইরত পশ্চিমা সমর্থিত বিদ্রোহীরা মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিভেন সটলফকে আইএসআইএলের কাছে বিক্রি করে দিয়েছিল। সিনেটর ম্যাট স্যালমন প্রশ্ন করেন, "অভিযোগ করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের কথিত উদারপন্থীরা আমাদের সাংবাদিকদের আইএসআইএলের কাছে বিক্রি করে দিয়েছিল; যারা পরে তাদের গলা কেটে ফেলে। আপনার কাছে কি এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যা এই দাবির সত্যতা প্রমাণ করে?"
উত্তরে জন কেরি বলেন, "আসলে, গোয়েন্দা সূত্রে এ ধরনের দাবি খণ্ডন করা হয়েছে। এটি আইএসআইএলের একটি ভুয়া দাবি। বাস্তবতা হচ্ছে, এ ধরনের ঘটনা কখনো ঘটেনি।" আইএসআইএল নিজেই এ দাবি করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
ইরাকে নৃশংসভাবে নিহত মার্কিন সাংবাদিক সটলফের একজন পারিবারিক মুখপাত্র গত ৮ সেপ্টেম্বর সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ৩১ বছর বয়সি এ সাংবাদিককে গত বছর 'উদারপন্থী' বিদ্রোহীরা আইএসআইএলের কাছে ৫০,০০০ ডলারে বিক্রি করে দিয়েছিল। পরদিন ৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নিহত সাংবাদিকের বিক্রি হয়ে যাওয়া সম্পর্কে কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





