লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি এলাকায় স্বাধীনতা ঘোষণার হুমকি দিয়েছে একটি গেরিলা গোষ্ঠী। তারা বলেছে, রাজধানী ত্রিপোলির জাতীয় সংসদকে স্বীকৃতি দেয়া হলে তারা বেনগাজির স্বাধীনতা ঘোষণা করবে।

গতকাল (শুক্রবার) এ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ত্রিপোলির প্রতিদ্বন্দ্বী সংসদকে স্বীকৃতি দেয় তাহলে তারা তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হবে।

ইব্রাহিম জাথরানের নেতৃত্বাধীন এ গেরিলা গোষ্ঠী আরো বলেছে, এরই মধ্যে তারা বিষয়টি নিয়ে পূর্বাঞ্চলের কয়েকজন গোত্র প্রধানের সঙ্গে আলোচনা করেছেন।

মিসরাতা শহরের একটি সশস্ত্র গোষ্ঠী গত আগস্ট মাসে রাজধানী ত্রিপোলি ও সেখানকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা দখল করে নেয়ার পর লিবিয়া সরকার ও নির্বাচিত সংসদকে পূর্বাঞ্চলীয় তবরুক শহরে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।

এর বিপরীতে মিসরাতা গেরিলা গোষ্ঠী ত্রিপোলিতে নতুন সংসদ প্রতিষ্ঠা করেছে তবে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় কেউই এর স্বীকৃতি দেয় নি।

এদিকে, বৃহস্পতিবার লিবিয়ার সুপ্রিমকোর্ট তবরুকের সংসদকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আদালতের এ ঘোষণাকে ইব্রাহিম জাথরান অবৈধ উল্লেখ করে বলেছেন, সুপ্রিমকোর্ট স্বাধীনভাবে কাজ করতে পারে না বলেই এ রায় দিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে পূর্বাঞ্চলীয় গেরিলারা ওই এলাকার স্বাধীনতা ঘোষণার হুমকি দিল।

ইআর