তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। এক হাজার ৫০০ কেন্দ্রে এ ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

শনিবার তাইওয়ানের স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়।
তাইওয়ানে এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির এক কোটি ৯০ লাখ ভোটার পরবর্তী চার বছরের জন্য তাঁদের প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

গত সপ্তাহে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, কেএমটি পার্টির মা ইং-জিউ সামান্য ব্যবধানে তাই ইং-ওয়েনের চেয়ে এগিয়ে রয়েছেন।

আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে, ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রধান তাই ইং-ওয়েন জয়ী হলে তিনি হবেন দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র ও চীন এ নির্বাচনের গতি-প্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাইওয়ানকে নিয়ে দেশ দুটির মধ্যে পুরোনো শক্রতা রয়েছে।

১৯৪৯ সালে তাইওয়ান নিজেদের স্বাধীন ঘোষণা করে। তবে চীন তাইওয়ানকে নিজেদেরই একটি অংশ বলে দাবি করে আসছে।

মা ইং-জিউ নির্বাচনী প্রচারের সময় তাঁর সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরেন। তিনি বলেন, কেএমটির শাসনামলে তাইওয়ানের অর্থনৈতিক অবস্থার ধাপে ধাপে উন্নতি হয়েছে।

অন্যদিকে তাই ইং-ওয়েন গতকাল নির্বাচনী প্রচারের শেষ দিন বলেন, ‘আগামীকালই ভবিষ্যত্ পাল্টে দেওয়ার সুযোগ আমাদের হাতে থাকবে’। ক্ষমতায় গিয়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বারবার ওয়াশিংটনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন তাই ইং-ওয়েন।

এমবি