গাজায় কাতারের তহবিল স্থানান্তরে সহায়তার প্রস্তাব দেয়ায় জাতিসংঘের বিশেষ দূতকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী এভিগদোর লিবারম্যান।
শনিবার চ্যানেল টু টেলিভিশন এক প্রতিবেদনে একথা জানায়।
ইসরাইলী পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি বিষয়ক বিশেষ দূত রবার্ট সেরি গাজার হামাস কর্মীদের বেতন সংকট নিরসনে কাতারের দেয়া ২ কোটি মার্কিন ডলার (১ কোটি ৪৭ লাখ ইউরো) স্থানান্তরে প্রথমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) রাজি করাতে চেষ্টা করেন। কিন্তু ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অস্বীকৃতি জানালে সেরি এই তহবিল হস্তান্তরে সহায়তার জন্য জাতিসংঘকে প্রস্তাব দেন।
সেরি তার বিরুদ্ধে উত্থাপিত উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী নেতার এই অভিযোগ অস্বীকার করেন।
এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘অনানুষ্ঠানিকভাবে’ তাকে এ ব্যাপারে অনুরোধ করে।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘গাজার কর্মীর বেতনের অর্থ প্রদানের ব্যাপারে জাতিসংঘের যে কোন ধরনের ভূমিকার বিষয়ে বিবেচনা করে আমি এটা পরিস্কারভাবে জানাতে চাই যে যদি ইসরাইলসহ সকল পক্ষের কাছে এটি গ্রহণযোগ্য হয়, কেবলমাত্র তখনই আমরা এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারব।’
তিনি আরো জানান, ইসরাইলকে এই সকল বিষয়েই জানানো হয়েছে।
এদিকে লিবারম্যান এএফপিকে জানান, রোববার তিনি এ বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকছেন।
ইসরাইলী টেলিভিশন জানিয়েছে, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী সেরিকে ইসরাইলে অবাঞ্চিত ঘোষণা করার প্রস্তাব দেবেন।
লিবারম্যানের মুখপাত্র ইগাল পালমোর এএফপিকে বলেন, ‘আমরা রবার্ট সেরির আচরণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’ সূত্র: এএফপি।

ঢাকা, ২২জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই