তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ধ্বংসস্তূপ থেকে সোমবার দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ৫০ ঘণ্টারও বেশি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ছিল।
দক্ষিণাঞ্চলের তাইনান নগরীতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ধ্বংসস্তূপের মধ্য থেকে ক্রেন দিয়ে দিয়ে এক ব্যক্তিকে জীবিত টেনে তোলা হয়। এছাড়া এক নারীকেও উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম লী সং তিয়ান বলে উল্লেখ করা হয়েছে। তার বয়স ৪০ বছর। উদ্ধারকর্মীরা এর আগে বলেছিল, তারা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মাটি খুঁড়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন। তবে তার পা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় তাকে উদ্ধার করা যাচ্ছিল না।
এরপর তার পা কেটে তাকে উদ্ধার করা যায় কিনা তা পরীক্ষা করতে সেখানে চিকিৎসক পাঠানো হয়। তবে সেখানে অস্ত্রোপচার করার মত যথেষ্ট জায়গা ছিল না। তখন সরকারি প্রকৌশলীরা স্থাপনার নিচ দিয়ে মাটি খুঁড়ে তাকে বের করে আনার পরামর্শ দেন। এরপর তাকে সেভাবে বের করে আনার চেষ্টা করা হয়।
এছাড়া উদ্ধারকর্মীরা এক নারীকেও জীবিত টেনে তুলেছেন। তিনি বাঁচার জন্য কাঁদতে থাকলে উদ্ধারকর্মীরা তার সন্ধান পান। তবে তার স্বামী ও দুই বছরের সন্তান মারা যান এবং তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের আরো পাঁচ সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের অনুসন্ধানে তল্লাশি চালাচ্ছে জরুরী বিষয়ক কর্মীরা।
শনিবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক বাসিন্দা আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।
ওএফ





