মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে এতদিন হালাল মাংস ও হালাল খাদ্যসামগ্রী নিয়ে খবরা-খবর হলেও এবার ভারতে 'হালাল মেকআপের' যাত্রা শুরু হয়েছে। ভারতের গুজরাটে প্রায় চার সপ্তাহ আগে এরকম একটি হালাল মেকআপের শোরুম খোলা হয়েছে। ভারতে এটিই প্রথম হালাল মেকআপের দোকান বা শোরুম। মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।

নারীদের মেকআপ সামগ্রীতে অ্যালকোহল ও ইসলাম ধর্মে হারাম ঘোষিত বিভিন্ন প্রাণীর চর্বি ও দেহের অংশ ব্যবহার করা হয়। এসব কারণে মুসলিম নারীরা, বিশেষ করে যারা ইসলামী রীতি-নীতি অনুসরণ করে চলেন তাদের জন্য মেকআপ নেয়াটা প্রশ্নবিদ্ধ ছিল। তবে, এবার তাদের জন্যই বাজারে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ হালাল মেকআপ। বিবিসি'র সংবাদে এমনটাই দাবি করা হয়েছে।

গুজরাটের ওই শোরুমটিতে অবশ্য অমুসলিম কর্মীও রয়েছেন। এমনই একজন নারী কর্মী হলেন গিরিশমা তেলি। তিনি জানান, শোরুমটিতে শুধু মুসলিম নারীরাই নন, অমুসলিম নারীরাও আসেন।

ভারতে এই হালাল মেকআপ বাণিজ্য পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ এশিয়া অঞ্চলের অন্যান্য মুসলিম নারীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে বলে জানালেন শোরুমটির উদ্যোক্তারা। বিশেষ করে, দ্রুত বর্ধনশীল মুসলিম মধ্যবিত্ত পরিবারগুলোর নারীদের মধ্যে অনেকেই ফ্যাশনের ব্যাপারে খুব সচেতন থাকেন। সূত্র: বিবিসি

এসএমএ