ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইটসহ সরকারি অনেক ওয়েবসাইটের বিরুদ্ধে সাইবার হামলা করেছে হ্যাকারগোষ্ঠী অ্যানোনিমাস। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের আগুন সন্ত্রাসে এক ফিলিস্তিনি শিশু নিহত এবং তার বাবাকে হত্যায় জড়িত সন্দেহভাজনদের মুক্তি দেয়ার   প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের অন্তত ৫৪টি ওয়েবসাইটের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরাইলি সামরিক, পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট রয়েছে উল্লেখ করে এ খবরে বলা হয়েছে, সাইবার হামলার ১‌২ ঘণ্টা পরেও কোনো কোনো সাইটে কারিগরি সমস্যা দেখা বিরাজ করেছে।

সাইবার হামলার পর এক বিবৃতিতে অ্যানোনিমাস বলেছে, আগুন সন্ত্রাসে জড়িতদের মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত “অপরাধী রাষ্ট্র” নিয়েছে তার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।

গত ৩১ জুলাই দখলদার ইসরাইলিরা নাবলুস শহরের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দুমা শহরে ফিলিস্তিনিদের দু’টি বাড়িতে পেট্রলবোমা এবং ককটেল ছুঁড়ে মারলে সেখানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় শিশু আলী দাওয়াবশা এবং তার বাবা সা’দ দাওয়াবশা আগুনে পুড়ে মর্মান্তিকভাবে নিহত হয়।

জেডআই