মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে মুসলিমদের উপর খ্রিস্টানদের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। সোমবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
হামলাটি চালানো হয়েছে রাজধানী বাঙ্গুই থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী বোদা শহরে। সেখানে মুসলমানদের কয়েক ডজন বাড়িঘরে আগুন দেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বোদা শহরের মেয়র এলিয়ে বাইলাও জানিয়েছেন, বোদার খ্রিস্টানরা মুসলিমদের উপর চালিয়ে ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ছাড়া, তারা মুসলমানদের অন্তত ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মুসলমানের সংখ্যা মাত্র ১৫ শতাংশ। অন্যদিকে, খ্রিস্টানরা হচ্ছে ৪০ শতাংশ। গত বছরের মার্চে মুসলিম সেলেকা বিদ্রোহীরা দেশটির ক্ষমতা দখল করে নিলে জাতিগত সহিংসতা শুরু হয়। সহিংসতার শিকার মূলত মুসলমানরা। খ্রিস্টানদের হামলার শিকার হয়ে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মুসলিম নিহত ও হাজার হাজার মুসলিম বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তারা দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সেলেকা মুসলিমরা গত ডিসেম্বরে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও মুসলমানদের উপর এখনো প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে খ্রিস্টানরা।
দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে এক হাজার ৬০০ ফরাসি ও পাঁচ হাজার আফ্রিকান ইউনিয়নের সেনা নিয়োজিত আছে। তবে, দেশটির মুসলমানরা অভিযোগ করেছেন, ফরাসি সেনারা খ্রিস্টানদের হামলা প্রতিহত না করে বরং মুসলমানদের বিরুদ্ধে হামলাকে উস্কে দিচ্ছে। উল্লেখ্য, দেশটি একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]