বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে বুধবার হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন তিনি।
বুধবার (২০ জানুয়ারি) ট্রাম্প এবং মেলানিয়াকে নিতে হোয়াইট হাউসে অবতরণ করে মেরিন ওয়ান হেলিকপ্টার। এই কপ্টারে করে মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রিউতে অবতরণ করেন ট্রাম্প ও মেলানিয়া। সেখানে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ দিন উপলক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কিছুক্ষণ আগে বিদায় ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট হওয়া ছিল “অনেক সম্মানের” বিষয়। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সবসময় আপনাদের জন্য লড়বো।”
ট্রাম্প বলেন, “কোন না কোন কাঠামোতে আমরা আবার ফিরে আসবো”
ভাষণে জো বাইডেন ও কমালা হ্যারিসের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাদের সাফল্য কামনা করেছেন।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও কমালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন আজ বুধবার।
বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।
আর প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন কমালা হ্যারিস।
অনুষ্ঠানে যোগ দেবেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল তিনি প্রত্যাখ্যান করেছেন।
ক্যাপিটল হিলের সামনের এই অনুষ্ঠানের নিরাপত্তা দেবে ২৫ হাজার সৈন্য।
এমবি





