পশ্চিম তীরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইলী বাহিনী। এ সময় ইসরাইলি হামলায় কয়েক ফিলিস্তিনি আহত হন।

স্থানীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী পশ্চিমতীরের আল খলিল শহর থেকে ইব্রাহিম জাবেরকে গ্রেফতার করে। তিনি ২০১১ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

এদিকে, দুরা শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে আরেক সাবেক কারাবন্দীসহ আরো চার জনকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা। অভিযানের সময় ইসরাইলি বাহিনী তাদের ওপর নির্যাতনও চালায়।

ইসরাইলি বাহিনী জেনিন শহরের উত্তরে সিলাত আল- হারিথিয়া, কাফ্‌র দান এবং ফাক্কুয়া গ্রামে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে অপহরণ করেছে।

নাবলুস শহরের দক্ষিণে যা'তারা নিরাপত্তা চৌকি থেকে ১৭ বছর বয়সী বেইরুত আলী মোহাম্মদকে ইসরাইলি বাহিনী ধরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর অবশ্য ইসরাইলি বাহিনী তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে। তাছাড়া, বেথেলহেম জেলা ও বাকুয়া আশ- শারকিয়া থেকে দু’জনকে ইসরাইলি বাহিনী ধরে নিয়ে যায়।

গত ৮ জুলাই থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী গাজায় বর্বরোচিত ও পাশবিক হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে টান টান উত্তেজনা বিরাজ করছে।

গাজায় ইসরাইলি বাহিনী ও হামাসের মধ্যে যখন ৭২ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি চলছে তখন ১১ ফিলিস্তিনি অপহৃত হওয়ার ঘটনা ঘটল।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই