গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে অতর্কিত হামলায় তাঞ্জানিয়ার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। দেশটির স্থিতিশীলতা রক্ষায় এমওইউএসসিও নামে পরিচিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ২০ হাজার সেনা নিয়োজিত রয়েছে।
এমওইউএসসিও এক মুখপাত্র জানান, উত্তর কিভু প্রদেশের বেনি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে দেশটিতে ৪৮ ঘণ্টার মধ্যে জাতিসংঘ বাহিনীর ওপর দ্বিতীয় দফা হামলা হলো।
এর আগে ওই এলাকায় কঙ্গোর সেনাবাহিনীর অভিযানে অন্তত ১৬ জন বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ সব বিদ্রোহী এডিএফ নামের একটি গোষ্ঠীর সদস্য।
স্বর্ণ, টিন এবং হীরা সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় কঙ্গোতে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত সংঘর্ষে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। এলাকাটিতে অনেক সন্ত্রাসী গোষ্ঠী তৎপর রয়েছে এবং তারা এ এলাকার খনিজ সম্পদ হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত। রেডিও তেহরান
ইআর





