ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৬.৭ মাত্রার ভূমিকম্পে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যম।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ইম্ফল ও এর আশপাশের এলাকায় ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে উদ্ধার অভিযানে অংশ নিতে জাতীয় দুর্যোগ প্রশমন কেন্দ্রের (এনডিআরএফ) ৯০ সদস্য গৌহাটি থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এছাড়া ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে আসামে অবস্থানরত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন।

শক্তিশালী এ ভূমিকম্প বাংলাদেশ, মায়ানমার ও ভুটানে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিক এ কম্পনের মাত্রা ৬.৮ জানালেও এক ঘণ্টা পর তা কমিয়ে ৬.৭ জানায়।

এদিকে, বাংলাদেশের রাজধানীর জুরাইন এলাকায় ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্ত হয়ে দ্রুত রাস্তায় নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মারা গেছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন ২৯ জন।

এমএম