আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শনিবার শুরু হয়েছে।
তালেবানের হুমকি সত্ত্বেও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি কে হবেন তা নির্ধারণে আফগান নাগরিকদের সারিবদ্ধভাবে তাদের ভোট দিতে দেখা গেছে। স্থানীয় সময় সকাল ৭টার সময় এ ভোট গ্রহণ শুরু হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আব্দুল্লাহ ও বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানির মধ্যে দ্বিতীয় দফার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশকে কে নেতৃত্ব দেবেন তা এই নির্বাচনের মধ্যদিয়েই নির্ধারিত হবে।
২০০১ সাল থেকে দেশের ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট হামিদ কারজাই পদত্যাগ করতে যাচ্ছেন।
উল্লেখ্য, গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে আব্দুল্লাহ ৪৫ শতাংশ এবং ঘানি ৩১.৬ শতাংশ ভোট পান। প্রথম দফার নির্বাচনের পর উভয় প্রার্থীর পক্ষ থেকে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়েছিল। সূত্র: বিএসএস
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





