ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে অব্যাহত রাজনৈতিক তরজা। এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, গুন্ডা আনতে বাংলাদেশে গিয়েছিলেন মোদী।

সেইসঙ্গে বিজেপির ‘অনুপ্রবেশ’ অস্ত্রের পালটা হিসেবে তাঁর কটাক্ষ, “অন্য সময় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে আসছেন। আর নির্বাচনের সময় (নিজে) ভোট চাইতে গিয়েছেন।” খবর হিন্দুস্তান টাইমস’র।

শনিবার (০৩ এপ্রিল) কুলপির জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী এবং ভিনরাজ্যের পুলিশ বাহিনী গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। বলেন, “(কেন্দ্রীয় বাহিনী) গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে। সীমান্ত এলাকায় (ভয়) দেখাচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে। যার জন্য উনি (নরেন্দ্র মোদী) বাংলাদেশে ঘুরে এসেছেন। ওখান থেকে মনে হয়, কিছু আমদানি করছেন। করতেই পারেন। অন্য সময় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারী নিয়ে আসছেন। আর নির্বাচনের সময ভোট চাইতে গিয়েছেন। গুন্ডা আনতে গিয়েছেন।”

আমফান-বিধ্বস্ত এলাকায় গিয়ে মমতা দাবি করেন, গত বছর অতি প্রবল ঘূর্ণিঝড়ের সময় কেন্দ্রের বিজেপি সরকার কোনও সাহায্য করেনি। তৃণমূল সরকারই যাবতীয় সাহায্য করেছে। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তবে একইসঙ্গে ত্রাণবণ্টনে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাও কার্যত স্বীকার করে নেন। দাবি করেন, কয়েক জায়গায় অল্পবিস্তর ভুল হয়েছিল। তা ঠিক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পুরোটাই ঠিক করে দেওয়া হবে।

এমবি