রাশিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার ইউটিউবে প্রকাশিত ৯ মিনিটের ভিডিওতে এই ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।
ভিডিওতে মুখোশ পরিহিত এক ব্যক্তিকে মরুভূমিতে গাড়ি চালানো অবস্থায় চিৎকার করে কথা বলতে দেখা যায়, 'শোন পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট), আমরা রাশিয়ায় আসছি এবং তোমাকে তোমার বাড়িতে হত্যা করব... ওহ ভাইয়েরা, জিহাদ শুরু কর এবং হত্যা কর এবং তাদের সঙ্গে যুদ্ধ কর।'
সাব টাইটেলসহ ভিডিওতে আরও দেখা যায়, আইএসের সশস্ত্র ব্যক্তিরা আমর্ড যান ও তাঁবুতে হামলা চালাচ্ছেন এবং মরুভূমি থেকে অস্ত্র সংগ্রহ করছেন।
তাৎক্ষণিকভাবে ভিডিওটি আইএসের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি যে টেলিগ্রাম মেসেজিং অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, তা আইএস ব্যবহার করে থাকে।
কেন রাশিয়াকে আইএস হামলার লক্ষ্য করছে- এটাও নিশ্চিত নয়। তবে সম্প্রতি সিরিয়ায় আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে।
এর আগে আইএস তার সদস্য ও সমর্থকদের যে কোনো অস্ত্র দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোতে হামলা চালানোর ডাক দিয়েছে।
গত কয়েক সপ্তাহে ইউরোপে বেশ কয়েকটি ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে আইএস। গত সপ্তাহে ফ্রান্সে এক যাজককে গলাকটে হত্যা করা হয়।
১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে ট্রাক চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়। এছাড়া আনসব্যাচের কনসার্টে আত্মঘাতীসহ জার্মানিতে চারটি হামলার ঘটনা ঘটেছে।
এমএনজে





