মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন এস. ম্যাককেইন সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর রণতরির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া, ডেস্ট্রয়ারের পাঁচ নাবিক আহত এবং ১০ জন নিখোঁজ হয়েছে।
স্থানীয় সময় সকাল ৬-২৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর। সিঙ্গাপুর বন্দরের দিকে যাওয়ার পথে এ সংঘর্ষ হয়েছে।
তেলবাহী জাহাজের অবস্থা কি দাঁড়িয়েছে সপ্তম নৌবহরের বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে ৩০ হাজার টনের তেলবাহী জাহাজ দ্যা অ্যালনিক এমসি লাইব্রেরিয়ার পতাকা বহন করছিল। এটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল।
ওই এলাকায় তল্লাসী অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী এবং ওই এলাকায় অবস্থিত মার্কিন জাহাজ এতে অংশ নিয়েছে।
সহায়তা করার জন্য ওই এলাকায় অবস্থান করছে সিঙ্গাপুরের পুলিশ কোস্ট গার্ডের জাহাজ । এ ছাড়া, মার্কিন নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহৃত যুদ্ধজাহাজ ইউএসএস আমেরিকাও তল্লাসিতে যোগ দিয়েছে।
এ ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। অবশ্য দুই মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় দফা মারাত্মক সংঘর্ষে পড়ল মার্কিন নৌবাহিনীর জাহাজ ।
গত ১৭ জুনে কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিটজেরাল্ডের মারাত্মক ক্ষতি হয়েছিল। এ ঘটনায় মার্কিন সাত নাবিক নিহত হয় । জাপানের বন্দর নগরী ইউকোসুখাতর কাছে ঘটেছিল এ দুর্ঘটনা।
জেড





