গাজায় আবারও সাময়িক যুদ্ধবিরতি এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার ১০ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতি শুরুর মাত্র ৬ মিনিটের মাথায়ই গাজায় হামলা চালায় ইসরাইল। এই হামলায় ৮ বছরের এক শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
সোমবার গাজার স্থানীয় সময় সকাল ১০টা থেকে আবার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইসরাইল৷
আংশিক এ যুদ্ধবিরতি নিয়ে শুরুতেই সন্দেহ প্রকাশ করে হামাস৷ সংগঠনটির মুখপাত্র সামি আল জুহরি বলেন, ‘‘হত্যাযজ্ঞ থেকে সবার নজর অন্যদিকে সরিয়ে রাখার জন্যই এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরাইল৷ আমরা ওদের বিশ্বাস করি না৷ জনগণকে এ সময়েও সতর্ক থাকতে হবে।"
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শাতি শিবিরে চালানো ইসরায়েলের হামলায় ৩০ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু৷
গাজায় ইসরাইলের হামলা শুরু হয়েছিল গত ৮ জুলাই৷ হামলায় এ পর্যন্ত অন্তত ১,৮২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯,৪৩০ জনেরও বেশি। ইসরাইল জানিয়েছে, এ যুদ্ধে তারা ৬৭ জন সেনাসদস্যকে হারিয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা ও এনডিটিভি
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





