কাশ্মীরকে পাকিস্তানের শ্বাসনালী বলে উল্লেখ করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। কাশ্মীরের মুক্তিকামী জনতার সংগ্রামকে বৃথা হতে দেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
বুধবার পাকিস্তানের 'শহীদ দিবস' পালন উপলক্ষ্যে রাওয়ালপিন্ডির মিলিটারি হেডকোয়ার্টারে দেয়া এক ভাষণে জেনারেল রাহিল এ কথা বলেন।
কাশ্মীরের সমস্যাটি সেখানকার জনগণের ইচ্ছার ভিত্তিতে ও জাতিসংঘের 'ইউনাইটেড ন্যাশন্স সিকিউরিটি কাউন্সিল' (ইউএনএসসি)-এর সনদের ভিত্তিতে হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এভাবে সমস্যার সমাধান করা হলেই কেবল এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।
এ অঞ্চলের (ভারত ও পাকিস্তানের) শান্তি প্রতিষ্ঠার জন্য কাশ্মীর সমস্যার সমাধান করা অপরিহার্য বলে মন্তব্য করেন পাক সেনাপ্রধান।
জেনারেল রাহিল বলেন, "পাকিস্তানের সেনাবাহিনী শান্তির পক্ষে। তবে, যেকোন আগ্রাসনের জবাব দিতে আমাদের সেনারা প্রস্তুত রয়েছেন।"
দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সেনাপ্রধান জানান, পাকিস্তান সেনাবাহিনী গণতন্ত্রকে শক্ত অবস্থানে দেখতে চায়, সংবিধানের সর্বোচ্চ মর্যাদা ও আইনের শাসনে সেনাবাহিনী বিশ্বাস করে।
গণমাধ্যমের ব্যাপারে সেনাপ্রধান বলেন, "আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস করি।"
তার এ মন্তব্যটি এমন এক সময়ে আসলো যখন দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মীরের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামিদ মীরের টেলিভিশন চ্যানেল জিও টিভির এক বিতর্কিত সংবাদের জের ধরে এর সম্প্রচার বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।
সন্ত্রাসবাদের দমনে ও দেশে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
জেনারেল রাহিল জানান, পাকিস্তানের সেনাবাহিনী শত্রুর যেকোন চক্রান্তকে নস্যাৎ করে দিতে তৎপর। মাতৃভূমিকে রক্ষায় সেনাবাহিনী সতর্ক রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও সাবেক সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]