ভারতের বিহারে বুদ্ধগয়া দর্শন শেষে কলকাতা ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল জেনারেল পোই সোইয়ে মারা গেছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নিও আও। তাকে রাঁচীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে কনসাল জেনারেলের ব্যক্তিগত সহকারী এবং গাড়ির চালককেও। খবর আনন্দবাজার পত্রিকার।
ঝাড়খণ্ডের গিরিডি জেলার নিমিয়াঘাট থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কনসাল জেনারেলের গাড়িটি দ্রুতগতি আসছিল। এসময় উল্টোদিক থেকেও দ্রুতগতিতে একটি মোটরবাইক আসছিল। বাইকটি হঠাৎ ব্রেক করলে কনসাল জেনারেলের গাড়ির চালক দুর্ঘটনা এড়াতে পাশের আপ লেনে চলে আসে। এসময় কলকাতার দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবোঝাই ট্রাক গাড়িটির বামদিকে সজোরে ধাক্কা মারে।

গাড়ির পেছনের আসনের বামদিকেই বসেছিলেন কনসাল জেনারেল। তার পাশে ছিলেন তার স্ত্রী। সামনে চালকের পাশে বসেছিলেন ব্যক্তিগত সহকারী তিন তুয়াং। স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গিরিডির এসপি অখিলেশ সিংহ ভেরিয়ার বলেছেন, কনসাল জেনারেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। বাকিদের রাঁচীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, সাধারণভাবে বিদেশি কূটনীতিকরা কোনো রাজ্যে গেলে বা কোনো রাজ্যের ওপর দিয়ে যাতায়াত করলে তা আগাম সংশ্লিষ্ট সরকারকে জানাতে হয়। তবে তার এই সফরের ব্যাপারে কর্তৃপক্ষকে কোন কিছু জানানো হয়নি বলে জানা গেছে।
জেড