সিরিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে চীন এবং রাশিয়া। গতকাল সোমবার আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রস্তাব তোলা হয়।
এতে বলা হয়েছে- সিরিয়ার সরকার যদি দেশের সবখানে বিনা বাধায় ত্রাণ ও সাহায্য সামগ্রী পাঠাতে না দেয় তাহলে প্রেসিডেন্ট বাশা আল-আসাদের সরকারের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
অস্ট্রেলিয়া, জর্ডান এবং লুক্সেমবার্গ এ নিষেধাজ্ঞা প্রস্তাবের খসড়া তৈরি করেছিল। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে গতকালের এ আলোচনায় অংশই নেননি জাতিসংঘে নিযুক্ত চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত।
রুশ প্রতিনিধি ভিতালি চুরকিন বলেছেন, প্রয়োজন হলে তিনি এ খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেবেন। সিরিয়া-বিরোধী এ প্রস্তাব পাস হলে দেশটিতে টেনশন আরো বাড়বে বলেও মন্তব্য করেছেন তিনি।
চুরকিন বলেন, সিরিয়া পরিস্থিতির ওপর এ খসড়া প্রস্তাব কোনো ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে না বরং মানবিক বিপর্যয় ঠেকানোর জন্য যে চেষ্টা চলছে তা ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক উদ্দেশ্যে এ প্রস্তাব তোলা হয়েছে বলেও তিনি জোরালো ভাষায় সমালোচনা করেছেন। এ ছাড়া, প্রস্তাবটি পাস হলে জেনেভা আলোচনাকে নস্যাৎ করবে বলেও উল্লেখ করেন চুরকিন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]