ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠনে অন্তত ৭৫০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা। ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকা প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার প্রেক্ষাপটে এই পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
ফিলিস্তিনের উন্নয়ন ও পুনর্গঠন বিষয়ক অর্থনৈতিক পরিষদ বলেছে, ইসরাইল যদি গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয় তাহলে পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে অন্তত পাঁচ বছর লাগবে।
বিশেষজ্ঞদের হিসাব মতে- ইসরাইলি আগ্রাসনে গাজার সরাসরি ক্ষতির পরিমাণ হচ্ছে ৪৪০ কোটি ডলার। তারা এও মনে করেন- গাজা উপত্যকার উন্নয়ন কর্মকাণ্ডে আরো ৩২০ কোটি ডলার লাগবে।
ইহুদিবাদী ইসরাইল গত ৮ জুলাই থেকে গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং ৫০ দিনের হামলায় ২,১৪০ জন ফিলিস্তিনি নিহত ও ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু।
এ ছাড়া, ঘর-বাড়ি ও নানা ধরনের প্রতিষ্ঠান এমনকি গবাদি পশু পর্যন্ত ধ্বংস ইসরাইলের নির্বিচার হামলায়। অন্যদিকে ইসরাইল বলছে, হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের রকেট হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকসহ ৬৯ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলে আসছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি। জিহাদ আন্দোলন জানিয়েছে, যুদ্ধের সময় তারা ৩,০০০’র বেশি রকেট ছুঁড়েছে ইসরাইলে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





