আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশে ভারতীয় কনস্যুলেটে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে কোনো কূটনৈতিক কর্মী আহত হয়নি। তবে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হন। পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, বন্দুকধারীরা মেশিন গান ও রকেট চালিত গ্রেনেড নিয়ে কনস্যুলেটে হামলা চালায়। প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল সামি কাতরা জানান, কনস্যুলেটের পাশের একটি বাড়ি থেকে তিন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এদের মধ্যে দু’জন পুলিশের গুলিতে নিহত হলেও বাকি একজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেই থাকে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, বন্দুকধারীরা রাত ৩টা ২৫ মিনিটে হামলা চালায়। প্রথমে তারা কনস্যুলেটের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে পাশের একটি বাড়ির ছাদ থেকে হামলা চালায়।   এখনও পর্যন্ত এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি। চলতি বছরের শেষের দিকে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। এর মধ্যে দেশটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়েই চলেছে। হেরাতে কর্মরত বিবিসির একজন প্রতিবেদক জানান, কয়েক ঘণ্টা ধরে ওই হামলা চলে। ওই এলাকাটি এখন নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। ভারতের স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, কনস্যুলেটের ভেতরে থাকা সব কূটনৈতিক কর্মী নিরাপদে আছে। পররাষ্ট্র সচিব সুজাতা সিং এ ঘটনা পর্যবেক্ষণ করছেন। উল্লেখ্য, ইরানের সীমান্তবর্তী হেরাত আফগানিস্তানের সবচেয়ে নিরাপদ শহর বলে মনে করা হয়। এর আগে ২০১৩ সালে শহরটির মার্কিন দূতাবাসে তালেবান বন্দুকধারীরা একইভাবে হামলা চালিয়ে কমপক্ষে চার আফগানকে হত্যা করে। তবে বন্দুকধারীরা কম্পাউন্ডে প্রবেশ করতে ও কোনো মার্কিন নাগরিকের উপর হামলা করতে ব্যর্থ হয়। [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]