ইরাকে আটকে পড়া প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত। এ জন্য তিনটি বিমান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

সুন্নি বিদ্রোহীরা ইরাকের বেশ কিছু এলাকা দখল করেছে এবং সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এতে ইরাকিসহ সেখানে অবস্থানরত বিদেশি নাগরিকরা আতঙ্কে রয়েছেন।   

ইরাকের তিকরিত ও মসুল শহরে যেসব ভারতীয় নার্স কর্মরত আছেন, তারা চাইলেই তাদের ফেরানোর সব রকম ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে ভারতীয় সরকার।

নাজাফ, কারবালা ও বসরা শহরে ভারতীয় নাগরিকদের সাহায্যের জন্য ভারত ইতিমধ্যেই তিনটি ক্যাম্প অফিস চালু করেছে। এ ছাড়া রাজধানী বাগদাদে ভারতীয় দূতাবাসে ২৪ ঘণ্টার একটি হেলপলাইন চালু আছে।

এর আগে ইরাকে ৩৯ জন ভারতীয় নাগরিককে অপহরণ করে বিদ্রোহীরা। তাদের উদ্ধারের ব্যাপারে এখনো বড় ধরনের কোনো অগ্রগতি হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোববার মধ্যপ্রাচ্যে নিযুক্ত প্রায় সব ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতে নিযুক্ত মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূতদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি দিল্লিতে মধ্যপ্রাচ্যের দূতদের সঙ্গে এক বৈঠকে ইরাকে অপহৃত ভারতীয়দের উদ্ধারের জন্য সাহায্য চেয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দীন বলেন, ‘কর্মকর্তারা ইরাকের নানা জায়গায় ভারতীয়দের কাছে যাবেন। কারণ, তাদের অবস্থা সম্পর্কে নানা কাহিনী আমরা শুনতে পাচ্ছি। প্রত্যেক ভারতীয়কে ইরাকে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সাহায্য করতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘তাদের পাসপোর্টের সমস্যা থাকলে তার ব্যবস্থা করা হবে। মালিকের সঙ্গে দেনা-পাওনা সংক্রান্ত সমস্যা থাকেলে সেটাও আমরা দেখব এবং তাদের কাছে যদি বিমানের টিকিটের পয়সা না থাকে সরকার সেটাও মিটিয়ে দেবে।’

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই