এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের পর ৩ মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উচ্চতার ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। এছাড়া, ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউ-এর উপকূলে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কাও করা হয়েছিল।

তবে সতর্কতা জারির ঘণ্টাখানেকের মধ্যেই ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টার জানায়, দেশটির জলসীমায় সর্বোচ্চ ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান বলেন, “যে ঢেউগুলোর উচ্চতা ০.৫ মিটারের মধ্যে থাকে, সেগুলোকে আমরা ‘মাইনর সুনামি’ বলে থাকি।”
ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্যানুসারে, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে ৩.৫ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

এদিকে, শক্তিশালী এই ভূমিকম্পে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ হয়নি। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কিছু চিত্র সামনে আসতে শুরু করেছে।
ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে চলছে।

সংস্থাটি আরও জানায়, “উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়ন করছেন।”
সূত্র: বিবিসি
এনএইচ