জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডাতে গিয়ে পৌঁছান।

সেসময় সেখানে তার প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তারা মি. ট্রাম্পের উদ্দেশ্যে “এখনও আমার প্রেসিডেন্ট” এবং “ট্রাম্প জিতেছেন” বলে স্লোগান দেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড।

এর পর তিনি যেখানে গল্ফ খেলেন সেই পাম বিচ অবকাশ কেন্দ্রে প্রেসিডেন্ট হিসেবে ৩০ মিনিটের মতো সময় কাটান।

এখন তিনি যুক্তরাষ্ট্রের একজন সাধারণ নাগরিক। সেনেটে খুব শীঘ্রই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট তাকে শপথ-বাক্য পাঠ করিয়েছেন।

শপথ নেওয়ার পর তিনি তার দেওয়া ভাষণে বলেছেন, “এই দিনটি গণতন্ত্রের। এই দিনটি আমেরিকার। এই দিনটি ইতিহাস ও আশার দিন।”

তিনি বলেন, "বিভিন্ন সময়ে আমেরিকাকে পরীক্ষা দিতে হয়েছে, তার দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকে আমরা গণতন্ত্রের বিজয় উদযাপন করছি।”

এই শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্রের দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম কোন বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

জো বাইডেন বলেন, "আমরা শিখেছি যে গণতন্ত্র অত্যন্ত মূল্যবান।"

তিনি বলেন, যেখানে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে কয়েকদিন আগে সহিংসতা ঘটে গেছে যা ক্যাপিটল হিলের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এখন তিনি সবাইকে একত্রিত হওয়ার আহবান জানাচ্ছেন।তথ্য সূত্র-বিবিসি

এমবি