বুলগেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার একটি বিস্ফোরক কারখানায় এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।

বেসামরিক নিরাপত্তা বাহিনীর পরিচালক নিকোলাই নিকোলভ বলেন, ‘১৩ জন পুরুষ ও ২ জন নারী মারা গেছেন। বিস্ফোরণ এতোই শক্তিশালী ছিলো যে, এতে বেশ কয়েকটি গর্তের সৃষ্টি হয়েছে।’তিনি বলেন, বিস্ফোরণের কারণ সম্ভবত ‘মানবিক ত্রুটি’।

এর আগে বার্তা সংস্থা বিজিএনইএস ও সরকারি বেতার জানিয়েছিলেনবিস্ফোরণে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব সোভেৎলজার লাজারভ স্থানীয় বেতারকে বলেছিলেন, এই বিস্ফোরণে ‘প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে’।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়োরদান বাকালভ জানিয়েছিলেন, ভিদিন এলাকার গোরনি লোম গ্রামের কাছের ওই কারাখানায় বিস্ফোরণের সময় ১৫ জন শ্রমিক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় কারখানার দুজন মালিকও সেখানে উপস্থিত ছিলেন।

রাজধানী সোফিয়া থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত আঞ্চলিক হাসপাতাল মন্টানা কর্তৃপক্ষ জানিয়েছিলো, এই বিস্ফোরণে অন্তত তিনজন কর্মী আহত হয়েছে।

ব্যক্তি মালিকানাধীন কারখানাটি বুলগেরিয়ার সেনাবাহিনীর কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে। বিস্ফোরণে কারখানায় মজুদকৃত সামরিক সরঞ্জামাদি ধ্বংস হয়ে গেছে।

এর আগে ২০০৭ ও ২০১০ সালে বিস্ফোরণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারখানাটির ‘শৃঙ্খলার অভাবের’ সমালোচনা করেছিলো।

এসএমএ