ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যের গুলিতে তার আরেক সহকর্মী নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
জানা গেছে, গত রাতে বাকবিতণ্ডার জের ধরে সকালে বসন্ত সিং নামের এক জওয়ান পাশের চৌকি থেকে অস্ত্র নিয়ে এসে ক্যাম্পে ঢুকে মুলচান্দ নামের আরেক জওয়ানের মাথায় গুলি করে পালিয়ে যায়।
বসন্ত সিং নিজের অস্ত্র দিয়ে গুলি না করে আরেক জওয়ানের অস্ত্র এনে গুলি করেন বলে জানা যায়।
উল্লেখ্য, ভারতীয় এই সীমান্ত রক্ষীবাহিনীর হাতে নিরীহ বাংলাদেশী নিহত হওয়ার খবর প্রায়ই শোনা যায়। তবে, এক সদস্যের হাতে আরেক সদস্য নিহত হওয়ার এই ঘট্নায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গবেষণামূলক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং’-(সিএমআরটি) এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত মহাজোট সরকারের চার বছরে ২৫০ জন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। এরমধ্যে ২০১২ সালে বিএসএফের হাতে খুন হয়েছেন ৪২ জন, ২০১১ সালে ৩৪ জন, ২০১০ সালে ৭৪ জন এবং ২০০৯ সালে নিহত হয়েছেন ৯৬ জন।
অপর এক জরিপে দেখা যায়, শুধুমাত্র ২০১৪ সালেই ৩৪ জনকে হত্যাসহ ২০৭ জন বিভিন্ন ধরনের নির্যাতনের স্বীকার হয়েছেন বিএসএফের হাতে। বিএসএফ গত ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৫ বছরে ১০৩৪ জনকে হত্যা করেছে। অর্থাৎ গড়ে প্রতিবছর বিএসএফের হাতে ৬৯ জন বাংলাদেশী নিহত হয়েছেন।
খোদ ভারতীয় পত্রিকা ‘দ্যা হিন্দু’-তে প্রকাশিত এক সংবাদে বলা হয়, আইন ও মানবাধিকার লঙ্ঘন করে ভারতের বিএসএফ গত দশ বছরে এক হাজারের বেশি মানুষ হত্যা করেছে। (সুত্র:- http://goo.gl/I8jwLa)
সীমান্তে নিরস্ত্র বাংলাদেশীদের হত্যাকা- শূন্যের কোঠায় নামিয়ে আনতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেয়ার আশ্বাস দেয়ার পরও বিএসএফের গুলি বর্ষণ আর নির্যাতন বন্ধ না হয়ে বরং তা অতীতের মতো অব্যাহত আছে। এমনকি ২০১২ সালে বিএসএফের প্রধান বলেছে, “সীমান্তে গুলি বন্ধ হবে না।” (সুত্র:- http://goo.gl/95llO6)
সীমান্তে হত্যাকাণ্ড এবং নির্যাতন বন্ধের লক্ষ্যে ২০১৪ সাল পর্যন্ত ২ হাজার ২২০ বারের বেশি পতাকা বৈঠক হয়েছে। কিন্তু এই পতাকা বৈঠক কোনো সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি।
ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে দেখা যায়, ২০১০ সালে বিএসএফ ৭৪ জন বাংলাদেশীকে হত্যা করেছে। একই সময় তাদের হাতে ৭২ জন আহত এবং ৪৩ জন অপহৃত হয়েছে। এদের মধ্যে ৫০ জনকে গুলী করে, ২৪ জনকে নির্যাতনের মাধ্যমে নির্মমভাবে হত্যা করা হয়। তাছাড়া আহত ৭২ জনের মধ্যে ৩২ জনকে নির্যাতন এবং ৪০ জনকে গুলীবিদ্ধ করে আহত করা হয়।
এর আগে ২০০৯ সালে ৯৮ জন, ২০০৮ সালে ৬২ জন, ২০০৭ সালে ১২০ জন, ২০০৬ সালে ১৪৬ জন, ২০০৫ সালে ১০৪ জন, ২০০৪ সালে ৭৬ জন, ২০০৩ সালে ৪৩ জন, ২০০২ সালে ১০৫ জন, ২০০১ সালে ৯৪ জন বাংলাদেশী নাগরিক সীমান্তে খুন হয়েছেন বিএসএফের হাতে।
অধিকারের আরেক প্রতিবেদনে দেখা যায়, ২০১২ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসেই বিএসএফের হাতে ১৩জন বাংলাদেশী নিহত হন, আহত হন আরও অন্তত ৪৬ জন। এছাড়া এই সময়ে ২৩ বাংলাদেশী নাগরিককে অপহরণ করে বিএসএফ।
অপর এক হিসেবে দেখা যায়, ২০১৪ সালে শুধুমাত্র খুলনা বিভাগের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের হাতে ১৪ বাংলাদেশী নাগরিক নিহত হন।
এআর/ কেবি





