ইসরাইলের সামরিক বাহিনীকে গাজায় স্থল অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নির্দেশের পর অভিযান শুরু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। খবর, বিবিসি'র।
দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১০ দিন ধরে চলমান অভিযানের সময়সীমা বাড়ানো হয়েছে। যেসব টানেলের মাধ্যমে হামাসের যোদ্ধারা চলাচল করে সেগুলো ধ্বংস করবে ইসরাইলি বাহিনী।
এর আগে বৃহস্পতিবার মাত্র ৫ ঘন্টার জন্য হামলা বন্ধ রেখেছিল ইসরাইল।
এদিকে হামাস বলছে, যে হামলা চালানো হচ্ছে সে জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে। যেমনটা বলছিলেন হামাসের ফাউজি বারহুম "ইসরাইল গাজায় যে স্থল অভিযান শুরু করেছে সেটা ভয়ানক একটি পদক্ষেপ। এটার পরিণতি শেষ হবে না। ইসরাইলকে চরম মূল্য দিতে হবে এবং হামাস মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।"
উল্লেখ্য, গত কয়েক দিনের হামলায় নিহত হয়েছেন মোট ২৩০ জন ফিলিস্তিনি। ইসরাইলি নিহত হয়েছে ১জন। আহত হয়েছেন ১৫৩০ জন ফিলিস্তিনি।
জাতিসংঘ বলছে, ইসরাইলের হামলায় গাজার কমপক্ষে ১,৩৭০ টি বাড়ি ধ্বংস হয়েছে। ফলে, বাস্তুচ্যুত হয়েছে ১৮,০০০ ফিলিস্তিনি। শুধুমাত্র বুধবারের বেপরোয়া হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই





