মার্কিন নৌবাহিনীর মহড়া চলাকালে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়ে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস দ্যা সুলিভান্স ক্ষতিগ্রস্ত হয়েছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উপকূলের এ ঘটনা মার্কিন নৌ বাহিনী নিশ্চিত করেছে।
বিস্ফোরণে মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ দ্যা সুলিভান্সে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই বিস্ফোরণে দ্যা সুলিভান্সে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা তা দ্রুত নিভিয়ে ফেলতে পেরেছে। বিস্ফোরণের সময়ে ক্ষেপণাস্ত্রটির বোমা সক্রিয় না থাকায় মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া গেছে।
অবশ্য জাহাজটির পোর্ট সাইডে বেশ ক্ষতি হয়েছে। যে কোনো জাহাজের সামনের দিকে মুখ করে দাঁড়ালে বা’পাশকে ‘পোর্ট সাইড’ এবং ডানপাশকে ‘স্টারবোর্ড’ বলা হয়।
মার্কিন নৌবাহিনীর মুখপাত্র ক্রিস জনসন বলেছেন, যুদ্ধবিমানের মতো যে কোনো বিমান হুমকির বিরুদ্ধে ব্যবহারকারী স্টান্ডার্ড মিসাইল-২ দ্যা সুলিভান্সে বিস্ফোরিত হয়েছিল। এ বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
জেডআই





