ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭২ জনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছে বলে জানা গেছে। হামলায় গুরুতর আহত হয়েছে প্রায় সহস্রাধিক।

জাতিসংঘ বলছে, প্রায় চার হাজার শরনার্থী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকে আবার আশ্রয়ের কোনো জায়গা না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোমবার সকালে হামাসের সামরিক শাখার তিনটি প্রশিক্ষণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া স্থল হামলাও চলছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ইসরাইলি হামলাকারী সেনারা গাজা এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে হুমকি দিচ্ছে। তারা বিমান থেকে লিফলেট ফেলে বেসামরিক লোকদের নিজ নিজ ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ গাজা ছেড়ে পালিয়েছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই