আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবারের এই হামলায় আরও তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এদিকে বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া অপর দুটি রকেটের আঘাতে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ওই এলাকাটি ন্যাটোর ঘাঁটি এবং দুবাই, নয়াদিল্লি ও ইস্তাম্বুলের বেসামরিক বিমানের টার্মিনাল হিসেবে ব্যবহার করা হয়।
ক্ষতিগ্রস্ত অন্য তিনটি হেলিকপ্টার মেরামত করা সম্ভব হলেও প্রেসিডেন্ট কারজাইয়ের হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন সেনা অভিযানের মহাপরিচালক মেজর জেনারেল আফজাল আমান।
বার্তা সংস্থা এএফপিকে পাঠানো ই-মেইলে সংরক্ষিত ওই এলাকায় হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে তালেবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ। কয়েক বছর ধরেই বিমানবন্দরটিতে হামলা চালানোর চেষ্টা করে আসছে তালেবান।
কাবুলে সেনাবাহিনীর বাসে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা কর্মকর্তা নিহত হওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল। সূত্র : এএফপি
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





