ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। জোটটি ২৩৪ থেকে ২৪৬টি আসন পেতে পারে বলে সিএনএন-আইবিএন এবং সিএসডিএস পরিচালিত এক জরিপে বলা হয়েছে।
অন্যদিকে, ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১১১ থেকে ১২৩টি আসন। অর্থ্যাৎ, জরিপ অনুযায়ী এনডিএ’র অর্ধেক আসন পাবে ইউপিএ।
২০০৯ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১১৬ আসন। এবার তাদের অবস্থার উন্নতি ঘটতে পারে। তারা এককভাবে পেতে পারে ২০৬ থেকে ২১৮ আসন। অন্যদিকে কংগ্রেস ওই নির্বাচনে পেয়েছিল ২০৬ আসন। তা এবার কমে ৯৪ থেকে ১০৬ আসনে এসে দাঁড়াতে পারে। এ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী পেতে পারেন শতকরা ৪৪ ভাগ ভোট।
এদিকে, বেসরকারি টিভি চ্যানেল জি নিউজের এক সমীক্ষায় বলা হয়েছে,  যদি আজকেই ভোট হয়, তা হলে বিজেপি একাই পাবে ২১৮টি আসন। আর বিজেপিসহ এনডিএ আসন পাবে ২৩৪-২৪৬টি!
সমীক্ষা অনুযায়ী এবারের নির্বাচনে কংগ্রেস পাবে ৯৪-১০৬টি আসন। আর ইউপিএ পাবে ১১১-১২৩টি আসন।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে বলে দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। তারা পাবে ২৩-২৯টি আসন আর বামফ্রন্ট ১৪-২০টি আসন পাবে।  
এদিকে, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের এক নির্বাচনী জনসভায় বলেছেন,  আসন্ন লোকসভা নির্বাচনে কোনো রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস।
তিনি বলেন, কংগ্রেস দল দেশের মানুষের জন্য চিন্তা করে না। রাহুল গান্ধীর ভবিষ্যৎ গড়াই তাদের একমাত্র লক্ষ্য। কংগ্রেস প্রধানমন্ত্রীর দফতরকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেন মোদী। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ০৬ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]