সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ শনিবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তার বয়স ৩৯ বছর।
যদিও তার অবস্থান বা নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায়, নতুন করে দু’জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদের মধ্যে একজন বাংলাদেশি; অন্যজন ফিলিপাইনের নাগরিক। দু’জনের অবস্থাই স্থিতিশীল। এর আগে সিঙ্গাপুরে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত পাঁচ বাংলাদেশি শনাক্ত হয়।
চীন থেকে শুরু হলেও এখন বিশ্বের আরও অন্তত ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের সরকারি হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৮৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে অন্যান্য দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন।
এএস





