তুরস্কের স্থানীয় নির্বাচনে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভালপমেন্ট বা একেপি পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। রোববারের নির্বাচনে দলটি এখনো পর্যন্ত ৪৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল পেয়েছে ২৭ শতাংশ। বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
এদিকে, স্থানীয় নির্বাচনে এরদোগানের দল এগিয়ে থাকায় তা উদযাপন করা শুরু করে দিয়েছেন ইউরোপের বলকান অঞ্চলের মুসলিমরা। বলকান অঞ্চলের দেশ বসনিয়া, মেসিডোনিয়াসহ বিভিন্ন দেশ তা ইতোমধ্যে উদযাপন শুরু করেছে। লোকজন শহরের রাস্তায় নেমে এসে উদযাপন করছেন।
বসনিয়ার রাজধানী সারায়েভো ও মেসিডোনিয়ার রাজধানী স্কোপজের রাস্তায় নেমে এসে আনন্দ উৎসব করেন এরদোগানের ভক্তরা। এরদোগানও তার ভক্তদের ভালোবাসায় সাড়া দেন। সরাসরি এক ভিডিও বার্তায় এরদোগান তার ভক্তদেরকে শুভেচ্ছা জানান। তার দলের জন্য দোয়া করায় তিনি তাদের ধন্যবাদ জানান। ভিডিও বার্তাটি সারায়েভো ও মেসিডোনিয়ার রাস্তায় বড় বড় পর্দায় সরাসরি দেখানো হয়।
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমানরাও এরদোগানের দলের স্থানীয় নির্বাচনে জয়লাভকে উদযাপন করছেন। সোমবার গাজার পক্ষ থেকে এরদোগান ও তার দলকে শুভেচ্ছা জানায় হামাস সরকার।  
প্রসঙ্গত, তুরস্কে আগামী আগস্টে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ ছাড়া, আগামী বছরের জুলাইয়ে হবে দেশটির পার্লামেন্ট নির্বাচন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]