ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ না তুললে ইসরাইলের বিরুদ্ধে আবার রকেট হামলা শুরু হওয়া উচিত। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে পরিচালিত এক জনমত জরিপে এমন মত দিয়েছেন সেখানকার সাধারণ লোকজন।

প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ পরিচালিত এ জরিপে দেখা যায়- ফিলিস্তিনের শতকরা ৮০ ভাগ মানুষ মনে করেন অবরোধ না তুললে ইসরাইলের ওপর রকেট হামলা শুরু করা উচিত। জরিপে অংশ নিয়েছেন গাজা ও পশ্চিম তীরের ১২,০০০ মানুষ। গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের বর্বর আগ্রাসন বন্ধের এক মাস পর এ জনমত জরিপ চালানো হয়েছে।

গাজার ওপর ইসরাইল প্রায় আট বছর ধরে অবরোধ দিয়ে রেখেছে। এতে সেখানকার জনগণ মারাত্মক কষ্টে পড়েছেন এবং এক ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অবরোধের কারণে গাজার লোকজন বাইরের দুনিয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেন না। কেননা, গাজার দুইদিকেই পরিবেষ্টন করে আছে ইসরাইল। একদিকে ভূমধ্যসাগর, আরেকদিকে সামান্য সীমান্ত রয়েছে মিশরের সঙ্গে। কিন্তু আমেরিকার মিত্র দেশ মিশরও বেশিরভাগ সময় সীমান্ত বন্ধ করে রাখে।

গত ২৬ আগস্ট গাজা যুদ্ধ বন্ধ হওয়ার সময় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর পক্ষ থেকে প্রধান শর্ত হিসেবে অবরোধ তোলার কথা বলা হয়েছিল। সেই শর্ত মেনে নিয়ে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি করেছে। তবে এখন অবরোধ তোলার বিষয়ে তেল আবিবের যুদ্ধবাজ সরকার গড়িমসি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। হামাসসহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, অবরোধ না তুললে তারা যুদ্ধবিরতি মানবেন না। সূত্র: আইআরআইবি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ