রাশিয়ার মার্কিন দূতাবাস থেকে শত শত কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে ব্যবস্থা নেয়া হয়েছিল।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে নিযুক্ত ৭৫৫ জন কূটনীতিককে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে। আধুনিক বিশ্বে এর আগে এত বিপুল সংখ্যক কূটনীতিককে বহিষ্কার করার ঘটনা আর ঘটেনি।
নিউ জার্সিতে গলফ কমপ্লেক্সে অবকাশ যাপনরত ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এ ঘটনার জন্য পুতিনকে ধন্যবাদ জানাতে চান তিনি। এর কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, মার্কিন সরকারের বেতন ভাতা খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে তার প্রশাসন। মার্কিন কূটনীতিবিদের বহিষ্কারের পুতিনের নির্দেশ বেতন খাতে ব্যয় কমাতে সহায়তা করবে বলেও জানান তিনি। এ নির্দেশের ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারবে মার্কিন সরকার।
এদিকে, মার্কিন কূটনীতিবিদেরে বহিষ্কারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিন রুশ সরকারি টেলিভিশনকে বলেছিলেন, “রাশিয়ার মাটিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে এক হাজারের বেশি ব্যক্তি কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ৭৫৫ জনকে তাদের তৎপরতা বন্ধ করতে হবে।”
এতে রাশিয়ার মার্কিন কূটনীতিবিদদের সংখ্যা ৪৫৫ জনে নেমে আসবে। আর আমেরিকায় বর্তমানে কর্মরত রয়েছেন রুশ ৪৫৫ জন কূটনীতিক। পুতিন বলেন, তিনি আমেরিকার বিরুদ্ধে এর চেয়েও কঠিন ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি ‘আপাতত এতটুকুতেই সন্তুষ্ট’থাকছেন।
এমবি





