নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ডুবোজাহাজ সাগরে ভাসাতে যাচ্ছে ইরান। নভেম্বরের শেষের দিকে ডুবোজাহাজটি সাগরে নামানো সম্ভব হবে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি।

তিনি জানান, ‘ফাতেহ’ বা ‘বিজয়ী’ নামের এ ডুবোজাহাজটির ওজন প্রায় ৫০০ টন। এটি হবে ইরানের আধা-ভারি শ্রেণীর নতুন ডুবোজাহাজ।

হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেন, "ইরান দুই দশক আগে ডুবোজাহাজ তৈরির প্রযুক্তি অর্জন করেছে এবং এরইমধ্যে 'গাদির' নামের ডুবোজাহাজ নির্মাণ করছে।"

ডেস্ট্রয়ার নির্মাণের কাজে ইরান অগ্রগতি লাভ করেছে উল্লেখ করে হাবিবুল্লাহ সাইয়্যেরি বলেন, "ডেস্ট্রয়ার বিশেষ করে অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করা মোটেও সহজ কোনও কাজ নয়।"

২০১০ সালের ফেব্রুয়ারিতে ইরান সর্বপ্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘জামারান’ ডেস্ট্রয়ার সাগরে নামায়। ১,৪২০ টন ওজনের ওই ডেস্ট্রয়ারে অত্যাধুনিক রাডার ব্যবস্থা ও অন্যান্য আধুনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ