রোববার ঘোষণা করা হচ্ছে আফগানিস্তানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল। শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা একথা জানান।

এদিকে ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একটি প্রস্তাবিত চুক্তির ব্যাপারে শেষ মুহূর্তের আলোচনা চলছে।

গত ১৪ জুন থেকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহ’র মধ্যে অচলাবস্থা চলছে।

উভয় প্রার্থী নির্বাচনে বিজয়ের দাবি করে আসছেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সংকট সমাধানে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে প্রাণপণ চেষ্টা চালিয়েছে।

আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ নূর এএফপিকে বলেন, ‘আইইসি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করবে।’

আবুল্লাহ’র মুখপাত্র মুজিব রহমান রাহিমি বলেন, দুই প্রার্থী একটি চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে তারা বৈঠকে বসতে যাচ্ছেন।

তিনি বলেন, সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা নয়।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ